ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষত সেনাবাহিনী, চরমপন্থি রাজনৈতিক মতাদর্শে চালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)–এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি জার্মান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ তোলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান-ভারতের দীর্ঘদিনের বিরোধের মূল কারণ হলো কাশ্মীর ইস্যু, ভারতের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ এবং হিন্দুত্ববাদী উগ্র চিন্তাধারার প্রসার।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, “ভারতের অহংকার ও অযৌক্তিক কৌশল মেনে নেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলোকে অবশ্যই হস্তক্ষেপ করে এ সমস্যার সমাধান করতে হবে।”



