tanaka

শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, জানবেন যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। এদিন ফল ঘোষণার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটবে ১২ লাখ...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল: নেতানিয়াহুর জোট ৫৩, বিরোধীদের ৪৮ আসন

ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল: নেতানিয়াহুর জোট ৫৩, বিরোধীদের ৪৮ আসন

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সব ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসনে জয় পেয়েছে। তবে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে। এতে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। নির্বাচনে মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। এ ছাড়া ইয়াশার পার্টি ২১টি, বি’ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং রা’আম ৮টি আসন পেয়েছে।

অন্যান্য দলগুলোর মধ্যে ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইয়েহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়োনিজম ৬টি আসন পেয়েছে।

নির্বাচনে কয়েকটি দল নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ২ দশমিক ৬৩ শতাংশ ভোট পেলেও ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী বাধা পেরোতে পারেনি। একইভাবে ওফের উইন্টারের পিপল অব ইসরায়েল পার্টি পেয়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ ভোট। অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত দ্য চ্যারেডি পাবলিক পার্টির ভোটের হার মাত্র ০.২ শতাংশ।

চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুর সমর্থক জোটের আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিদায়ী নেসেটে সরকারপন্থি দলগুলোর আসন ছিল ৬৮টি। এবারের নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৫৩টিতে। অর্থাৎ, আগের তুলনায় জোটটির আসন কমেছে ১৫টি। ফলে নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করাই এখন নেতানিয়াহুর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ফল নিয়ে সম্ভাব্য ভুলত্রুটি ও অভিযোগের চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করা হবে।

এরপর প্রেসিডেন্ট দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। নতুন সরকার গঠনের জন্য কোন নেতাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে দলগুলোর সুপারিশ শুনবেন তিনি। দলগুলোর অবস্থান ও সমর্থনের ভিত্তিতেই সরকার গঠনের দায়িত্ব কার হাতে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সব মিলিয়ে, নির্বাচনে কোনো জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। সরকার গঠনে ছোট দলগুলোর সমর্থন এবং রাজনৈতিক দর-কষাকষিই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল