বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামরিক মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইতালির চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশিক্ষণ অভিযান চলাকালে ইতালির সামরিক বাহিনীর চিনুক সিএইচ-৪৭ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর গলফ নিউজের।
ইউরোপীয় ইউনিয়নের সামরিক বাহিনী (ইইউফোর) জানিয়েছে, নিয়মিত মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করা হেলিকপ্টারটি বসনিয়ার ব্রচকো অঞ্চলে বিধ্বস্ত হয়। সারায়েভো থেকে এলাকাটির দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। ব্রচকো হাসপাতালের মুখপাত্র সালিহ ইব্রাহিমবেগোভিচ বার্তা সংস্থা এএফপিকে জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।
তিনি জানান, আহতদের মধ্যে তিনজনকে শিগগিরই প্রায় ৫০ কিলোমিটার দূরের তুজলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।
ইব্রাহিমবেগোভিচ বলেন, ‘আমরা এখন জীবন বাঁচানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। এক শোকবার্তায় তিনি বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমার প্রথম সমবেদনা নিহত সেনাদের পরিবারের প্রতি। তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি।’
বসনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দায়িত্ব পালন করছে ইউরোপীয় ইউনিয়নের সামরিক মিশন ইইউফোর। এ মিশনে সাধারণত এক হাজার থেকে দেড় হাজার সদস্য নিয়োজিত থাকেন।
এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইইউফোর। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিশ্চিত হওয়া তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।
এর আগে দেওয়া আরেক বিবৃতিতে ইইউফোর জানায়, দুর্ঘটনায় কোনো বেসামরিক অবকাঠামো, সম্পত্তি কিংবা যানবাহনের ক্ষতি হয়নি। এ ছাড়া কোনো বেসামরিক নাগরিকও আহত হননি।



