বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের সীমা অতিক্রম করেছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার দাবি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনায় বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে দিনের প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ মাসের মতো বাড়তে যাচ্ছে। চলতি অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।
সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলার খবর সামনে এসেছে। ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
সূত্র: আলজাজিরা



