tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমঞ্চে উঠলেই মৃত্যুভয় তাড়া করত এ আর রহমানকে, কাটল যেভাবে

মঞ্চে উঠলেই মৃত্যুভয় তাড়া করত এ আর রহমানকে, কাটল যেভাবে

সিনেমার গানে সুরের জাদু ছড়িয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে দর্শকের সামনে মঞ্চে সংগীত পরিবেশন করাই ছিল তাঁর জন্য ভীষণ কঠিন। মঞ্চে উঠলেই তাঁকে গ্রাস করত তীব্র ভয়। এমনকি সেই অনুভূতিকে মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার সঙ্গেও তুলনা করেছেন এই সংগীত তারকা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মঞ্চে সংগীত পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন রহমান। তিনি জানান, একসময় মঞ্চে দাঁড়ানোই তাঁর কাছে ছিল ভীতিকর। দর্শকের সামনে পারফর্ম করার সময় এতটাই ভয় পেতেন যে মনে হতো, যেন মৃত্যুকে সামনে থেকে দেখছেন।

১৯৯৬ সালে মালয়েশিয়ায় প্রথমবার সরাসরি দর্শকের সামনে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাঁর লাইভ পারফরম্যান্সের যাত্রা শুরু হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় তিন দশক। শুরুর সেই ভয় কাটিয়ে এখন তিনি যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পরিবেশনা থেকে শুরু করে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মতো বড় আয়োজনেও অংশ নিচ্ছেন।

তিন দশকে বদলে গেছে মঞ্চের অভিজ্ঞতা

নিজের দীর্ঘ সংগীতযাত্রার কথা বলতে গিয়ে রহমান জানান, মালয়েশিয়ায় প্রথম লাইভ পারফরম্যান্সের পর গত ৩০ বছরে তাঁর কাজের পরিধি অনেক বেড়েছে। বর্তমানে নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের সামনে নিজের সংগীত তুলে ধরছেন তিনি।

তবে সিনেমার জন্য স্টুডিওতে তৈরি করা সুর মঞ্চে পরিবেশনের উপযোগী করে তোলা সব সময় সহজ ছিল না। রহমানের সংগীতের স্বতন্ত্র ধরন ও সুরের বৈশিষ্ট্যের কারণে মঞ্চে সেগুলো যথাযথভাবে উপস্থাপন করতে শিল্পীদের বাড়তি সময় ও প্রচেষ্টা প্রয়োজন হতো।

রহমানের ভাষ্য, তাঁর সংগীতের ধরন অন্যদের তুলনায় আলাদা হওয়ায় মঞ্চে সেগুলো নিজেদের মতো করে পরিবেশন করা শিল্পীদের জন্য ছিল চ্যালেঞ্জিং। মূল সুরের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে তাতে নতুন মাত্রা যোগ করতে পারবেন—এমন সংগীতশিল্পী খুঁজে পেতেও সময় লেগেছে। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি সংগীত যেন মঞ্চে পরিবেশনের সময় নিজস্ব বৈশিষ্ট্য না হারায়, সেটিও ছিল তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

মুম্বাই ও দিল্লিতে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’

এদিকে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অংশ হিসেবে ভারতের মুম্বাই ও দিল্লিতে সংগীত পরিবেশন করার কথা রয়েছে রহমানের। আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে পারফর্ম করবেন তিনি।

তিন ঘণ্টার এই আয়োজনে দর্শকেরা নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরের পাশাপাশি তাঁর সাম্প্রতিক সময়ের সংগীতও উপভোগ করার সুযোগ পাবেন।

হ্যান্স জিমারের সঙ্গে ‘রামায়ণ’

রহমানের আসন্ন কাজের তালিকায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। এই ছবিতে প্রথমবারের মতো হলিউডের খ্যাতনামা সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।