tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে, ব্যতিক্রমী সিদ্ধান্তের নেপথ্যের গল্প জানালেন সুজাত শিমুল

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে, ব্যতিক্রমী সিদ্ধান্তের নেপথ্যের গল্প জানালেন সুজাত শিমুল

মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেতা সুজাত শিমুল। সম্প্রতি থিয়েটার ও আবৃত্তিকর্মী জান্নাতুন নেছাকে বিয়ে করেছেন তিনি। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে বিয়ের খবরের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে দেনমোহরের অঙ্ক—মাত্র ৯৯৯ টাকা। প্রচলিত রীতির বাইরে গিয়ে কেন এমন অঙ্ক নির্ধারণ করলেন এই দম্পতি? সম্প্রতি সেই সিদ্ধান্তের পেছনের ভাবনা ও কারণ তুলে ধরেছেন অভিনেতা নিজেই।

কেন দেনমোহর ৯৯৯ টাকা?

সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা দেনমোহরের জন্য ব্যতিক্রমী একটি সংখ্যা বেছে নেওয়ার কথা ভাবছিলেন। এমন একটি সংখ্যা চেয়েছিলেন, যা দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং তাঁদের কাছে বিশেষ অর্থ বহন করে।

অভিনেতার ভাষায়, “আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।”

বাংলাদেশে জরুরি সেবার জন্য ব্যবহৃত ৯৯৯ নম্বর থেকেই দেনমোহরের এই অঙ্ক বেছে নেওয়ার ধারণা আসে বলে জানান তিনি।

তিনটি ৯-এর পর শূন্য, আছে প্রতীকী অর্থও

দেনমোহরের অঙ্কটির পেছনে প্রতীকী ব্যাখ্যাও দিয়েছেন সুজাত শিমুল। তাঁর মতে, তিনটি ৯ পাশাপাশি থাকলেও পরের ঘরে শূন্যস্থান থেকে যায়। বিষয়টিকে তিনি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক হিসেবে দেখেন।

অভিনেতার ব্যাখ্যা, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না। কোনো না কোনো জায়গায় ঘাটতি থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টিও তাঁদের ভাবনায় বিশেষ তাৎপর্য বহন করেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ব্যক্তিগত বিষয়। সুজাত শিমুলের শ্বশুর পুলিশের চাকরি করতেন। জরুরি সেবার ৯৯৯ নম্বরের সঙ্গে পুলিশের সম্পর্ক থাকায় সংখ্যাটি বেছে নেওয়ার ক্ষেত্রে সেটিও একটি কারণ হিসেবে কাজ করেছে বলে জানান তিনি।

দেনমোহর নিয়ে সামাজিক ধারণায় বার্তা দিতে চান

৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণের পেছনে সামাজিক একটি বার্তাও রয়েছে বলে মনে করেন অভিনেতা। তাঁর মতে, বিয়েতে দেনমোহর নিয়ে লাখ লাখ টাকার হিসাব অনেক সময় সামাজিকভাবে একধরনের বিনিময় কিংবা আস্থা-অনাস্থার ধারণা তৈরি করে। সেই প্রচলিত ভাবনার বাইরে গিয়ে ভিন্ন একটি দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছেন তাঁরা।

সুজাত শিমুল বলেন, “সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।”

ডিসেম্বরে বড় আয়োজনের পরিকল্পনা

পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করায় অনেককে আমন্ত্রণ জানাতে পারেননি সুজাত শিমুল। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

অভিনেতা জানান, আগামী ডিসেম্বরে সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চান নবদম্পতি।