tanaka
প্রচ্ছদজাতীয়শিমু হত্যা মামলা: আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন স্বামী নোবেলসহ দুই আসামি

শিমু হত্যা মামলা: আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন স্বামী নোবেলসহ দুই আসামি

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের সহযোগী এস এম ফরহাদ। আত্মপক্ষ শুনানিতে তাঁরা আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

সোমবার (২৬ অক্টোবর) মামলাটিতে আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। এদিন কারাগারে থাকা দুই আসামি নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর পর তাঁরা দোষী নাকি নির্দোষ, তা জানতে চান। জবাবে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন।

আসামিরা সাফাই সাক্ষ্য দেবেন বলেও আদালতকে জানান। পরে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়। শুনানি শেষে এ তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম।

এর আগে গত ৬ অক্টোবর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ পর্যায়ে আদালত মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

কেরানীগঞ্জে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি মরদেহ

২০২২ সালের ১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই আঙুলের ছাপ শনাক্তের মাধ্যমে মরদেহটি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বলে নিশ্চিত হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় পরদিন, ১৮ জানুয়ারি, শিমুর ভাই হারুনুর রশীদ তাঁর বোনের স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বাল্যবন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়।

অভিযোগপত্র ও বিচার শুরু

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।