tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

গত ১৮ মে অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর আগে তিনি একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ১৮তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামাল হায়দার আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরকারি তিতুমীর কলেজে পদায়ন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাঁকে বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়।