tanaka
প্রচ্ছদজাতীয়দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এ ছাড়া নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩৮৮ জনের। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৬ জন।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ থাকা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ওই দিন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৩৫৬ জন।