নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি, ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়নের প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবা খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বা রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব যন্ত্র স্থাপনের জন্য প্রয়োজনীয় বাংকার প্রস্তুত ও সংস্কারের কাজ চলছে। আগামী অর্থবছরে আরও বাংকার নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, আট বিভাগে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি জেলা পর্যায়েও এ সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের রোগীদের ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।



