কক্সবাজার থেকে ঢাকায় এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক ব্যক্তি। পাকস্থলীতে লুকিয়ে রাখা এক হাজার ইয়াবা জোলাপ খাইয়ে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ ফ্লাইটে ঢাকায় আসেন আটক মো. রাজু মোল্লা (৩২)। মাদক পাচারের খবরের ভিত্তিতে বলাকা ভবনের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি প্যাকেট ধরা পড়ে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে ওই ২০টি টেপ মোড়ানো প্যাকেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



