ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।
বুধবার (৭ অক্টোবর) ভোরে চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় কয়েকটি শিশু।
প্রবল বিস্ফোরণে পাঁচতলা ভবনটির জানালার কাচ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ভবনের প্রায় অর্ধেক অংশ ধসে পড়ে এবং সেখানে পুড়ে যাওয়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপ তৈরি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র ১২ মাস এবং আরেকজনের বয়স আট বছর। পরে সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রেসিডেন্টের দপ্তরের পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিলুকির ওই অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলায় মোট ২০ জন নিহত হয়েছেন।
হামলায় বহু মানুষ আহত হয়েছেন। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে অন্তত সাত শিশু রয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক শহর ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের এভাবে অব্যাহত ব্যবহার সন্ত্রাস সৃষ্টির একটি সুপরিকল্পিত পদক্ষেপ।
হামলার ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে প্রিলুকির ৪০ বছর বয়সি ম্যাসাজ থেরাপিস্ট ওলেনা সায়ুন এএফপিকে বলেন, ‘আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণে আমাদের জানালার কাঁচ উড়ে যায়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমরা নিজেদের শরীর দিয়ে আমাদের শিশুকে আগলে রেখেছিলাম।’
তিনি জানান, বিস্ফোরণে তার স্বামী ও তিনি নিজেও আহত হয়েছেন। তার স্বামীর পিঠে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার ক্ষত হয়েছে।
ওলেনা বলেন, হামলার সময় তার সন্তান প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে ভীত হয়ে পড়ে। তারা দ্রুত বাথরুমে আশ্রয় নেন। ভবনের ভেতরের সবকিছু যখন তছনছ হয়ে যাচ্ছিল, তখনও তারা সেখানেই ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে প্রিলুকিতে রুশ হামলা শুরু হয়। এর আগের দিন মঙ্গলবারই জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য একটি ‘ব্যাপক’ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। ওই সতর্কবার্তায় বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার আশঙ্কার কথা বলা হয়েছিল।
শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলার মাত্রা বেড়েছে। প্রায় অবিরাম বিমান হামলার সতর্কসংকেত বা সাইরেনের কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।
অনেকেই ব্যাগ, শোয়ার মাদুর ও কম্বল নিয়ে রাত কাটাতে সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন।
কিয়েভের ব্যাংক কর্মকর্তা ইরিনা রিবালচেঙ্কো এএফপিকে বলেন, ‘আমরা আমাদের জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছি।’
প্ল্যাটফর্মে বসে থাকা ইরিনা জানান, পুরো কিয়েভ শহর এখন আতঙ্কের মধ্যে রয়েছে। হামলার সময় তারা কর্মস্থলে আটকা পড়েছিলেন। পরে তাদের গ্রুপের চ্যাট ও কর্মস্থলের কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার বার্তা পাঠান।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রুশ বাহিনী দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
জেলেনস্কি এই হামলাকে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অন্যতম ‘ঘৃণ্য হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আরও আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
প্রিলুকিতে ক্ষতিগ্রস্ত ভবনটির কাছাকাছি বসবাসকারী ৩১ বছর বয়সি অনলাইন মার্কেটিংকর্মী ইউলিয়া শামরাই হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি এএফপিকে বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার কোন সামরিক লক্ষ্য পূরণ হলো, আমি বুঝতে পারছি না।’
সূত্র: এএফপি



