বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আজ বুধবার (৭ অক্টোবর) চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।
দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনারও পরিকল্পনা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এয়ারবাসের সঙ্গে চুক্তির আওতায় বিমানের বহরে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরের মধ্যেই এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হবে।
সংশ্লিষ্টরা জানান, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে।



