tanaka
প্রচ্ছদরাজধানীঢাকায় চার দিনে ৪১ চিহ্নিত ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

ঢাকায় চার দিনে ৪১ চিহ্নিত ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত ‘চাঁদাবাজকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রাজধানীতে চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও সংঘর্ষের একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে কয়েকশ লোক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনাটির নেপথ্যে চাঁদা ও দখলসংক্রান্ত বিরোধের অভিযোগ সামনে আসে।

এ ধরনের একের পর এক ঘটনায় প্রশাসনের তৎপরতা বাড়ে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশও দেওয়া হয়।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযান চালানোর কথা জানান।

এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার দিনে ৪১ জন চিহ্নিত ‘চাঁদাবাজকে’ গ্রেপ্তারের তথ্য দিল ডিএমপি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।