tanaka
প্রচ্ছদটপ নিউজশিশুদের মেধা বিকাশে মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন্ত্রী

শিশুদের সুপ্ত প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি একটি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের যথাযথ বিকাশের ওপর। আজকের আয়োজন মূলত শিশুদের নিয়ে। তাই বড়দের দীর্ঘ বক্তব্যের চেয়ে শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনাই এ ধরনের অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে নিজের শৈশবের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, শিশু একাডেমির যাত্রা শুরুর সময় তিনিও একজন শিশু অতিথি হিসেবে সেখানে এসেছিলেন। একাডেমির সাময়িকী ‘শিশু’-তে তাঁর এবং তাঁর ছোট ভাইয়ের লেখা প্রকাশিত হয়েছিল। অনুষ্ঠানে প্রদর্শিত বোর্ডে নিজের লেখা গল্প ও ছোট ভাইয়ের রচনা দেখে তিনি শৈশবের সেই স্মৃতিতে ফিরে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন।

শিশুদের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ রয়েছে। কেউ ছবি আঁকে, কেউ আবৃত্তি, গান বা নাচে আগ্রহী, আবার কেউ কোনো বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে। কারও ক্ষেত্রে কেরাত ও কোরআন তেলাওয়াতের অসাধারণ দক্ষতাও দেখা যায়। শিশুদের এসব প্রতিভা বিকাশে প্রয়োজন যথাযথ সুযোগ, উৎসাহ ও মনোযোগ।

তিনি বলেন, যারা গিটার, কিবোর্ড, হারমোনিয়াম, বাঁশি কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র শেখা শুরু করেছে, তাদের যেন সেই শিক্ষা পূর্ণাঙ্গভাবে রপ্ত করার সুযোগ দেওয়া হয়।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে দেশব্যাপী ২২ লাখ শিশু—১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে—ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

এই ধারা অব্যাহত থাকলে তৃণমূল পর্যায়ের এসব শিশুর মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের অ্যাথলেট ও খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।