tanaka
প্রচ্ছদচাকরীদিল্লি সফরের পথে প্রধান বাধা শেখ হাসিনার কর্মকাণ্ড: হুমায়ুন কবির

দিল্লি সফরের পথে প্রধান বাধা শেখ হাসিনার কর্মকাণ্ড: হুমায়ুন কবির

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের ‘নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো’ ভারতের উপলব্ধি করা প্রয়োজন। একই সঙ্গে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ও তার সহযোগীদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারতকে সংযত ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব। প্রধান চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু চাইছি না। শেখ হাসিনা ও তার লোকজন দিল্লিতে অবস্থান করছেন এবং তারা দিল্লিতে বসে আরেকটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ করেন হুমায়ুন কবির। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের অতীতের সঙ্গে একটি ‘পরিষ্কার বিচ্ছেদ’ প্রয়োজন। কারণ, ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে উৎখাতের প্রক্রিয়ায় বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন।

তবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং ঢাকার পক্ষ থেকে এ সংলাপকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা কিছু ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি, যেহেতু ভারত তাদের সংযত রাখার চেষ্টা করছে। এটাই দুই দেশের মধ্যে স্বাভাবিক রীতি। যদি তাদের (হাসিনা ও তার লোকজন) নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলে (দ্বিপক্ষীয়) সম্পর্কে কোনো সমস্যা থাকবে না।’

আওয়ামী লীগের নেতৃত্বকে দিল্লি-ঢাকা সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি ‘বাধা’ হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে তিনি চেষ্টা করছেন।

হুমায়ুন কবির বলেন, ‘এখানে ভারতের হাইকমিশনার একটি ভালো ভূমিকা পালন করছেন। তিনি চেষ্টা করছেন এবং আশা করি, দিল্লি তার মতামত গ্রহণ করবে। তারা যদি তার মতামতকে গুরুত্ব দেয়, তাহলে আমরা সব ক্ষেত্রেই সম্পৃক্ত হতে প্রস্তুত। আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি।’

বাংলাদেশ সব বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে আলোচনায় তিনি কিছু ‘পারস্পরিক আদান-প্রদান’ প্রত্যাশা করেন।

ঢাকায় বসে কেউ যাতে ভারতের স্বার্থের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, বাংলাদেশ যেমন তা নিশ্চিত করবে, দিল্লির কাছ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেন বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘দুই সরকার যখন জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আলোচনায় বসে, তখন সব বিষয়ই সমাধান করা যেতে পারে।’