tanaka
প্রচ্ছদফিচারবাংলাদেশে যেভাবে কোরিয়ান সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠলো

বাংলাদেশে যেভাবে কোরিয়ান সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠলো

এক সময় সন্ধ্যা নামলেই অনেক ঘরে টেলিভিশনের সামনে বসে পড়তেন দর্শক। কোন সিরিয়ালে কী ঘটছে, কোন চরিত্র কার সঙ্গে কী করল-এসব নিয়েই চলত আলোচনা। সেই সময়ে ভারতীয় হিন্দি সিরিয়ালের দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু বিনোদনের সেই চেনা ছবি এখন অনেকটাই বদলে গেছে। নতুন প্রজন্মের বড় একটি অংশের হাতে টেলিভিশনের রিমোটের বদলে রয়েছে স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ। আর সেই পর্দায় বিনোদনের সীমানাও ছড়িয়ে গেছে বহু দূর। সেখানেই প্রবল জনপ্রিয়তা পেয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি। ‘হালিয়ু’ বা ‘কোরিয়ান ওয়েভ’ বলতে মূলত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতির বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়াকে বোঝানো হয়। শুরুতে কে-ড্রামা ও কে-পপ এই ঢেউয়ের প্রধান বাহক হলেও এখন এর পরিধি আরও বড়-ফ্যাশন, সৌন্দর্যচর্চা, খাবার, ভাষা, পর্যটন এবং জীবনযাপনের নানা প্রবণতাও এর সঙ্গে যুক্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি বর্ণনাতেও হালিয়ুকে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রবাহ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা দেশটির সংস্কৃতির প্রভাবকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশেও এর ছাপ এখন বেশ স্পষ্ট। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে কে-ড্রামা ও কে-পপকে ঘিরে তৈরি হয়েছে আলাদা ভক্তগোষ্ঠী।

ট্যাবের পর্দা থেকেই শুরু অনেকের

২০২০ সালের মহামারির সময় অনলাইন ক্লাস বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনে ইন্টারনেটের ব্যবহার অনেক বাড়িয়ে দেয়। কারো হাতে আসে ট্যাব, কারো অনলাইন যোগাযোগের পরিধি বাড়ে। ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে চ্যাট, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পরিচিতির সূত্র ধরেই অনেকে প্রথমবার কে-ড্রামার নাম শোনেন। বন্ধুর পরামর্শে একটি সিরিজ দেখা, তারপর আরেকটিদেখে এভাবেই কারো ক্ষেত্রে তৈরি হয়েছে নিয়মিত দেখার অভ্যাস।

কে-ড্রামার দর্শকদের বড় একটি অংশ মনে করেন, এসব সিরিজের গল্পে সম্পর্ক, পরিবার, বন্ধুত্ব ও ব্যক্তিগত আবেগকে এমনভাবে দেখানো হয়, যার সঙ্গে নিজেদের জীবনের কিছু অভিজ্ঞতার মিল পাওয়া যায়। দক্ষিণ কোরিয়া এশিয়ার দেশ হওয়ায় পরিবারকেন্দ্রিক কিছু মূল্যবোধ, বাবা-মায়ের ভূমিকা কিংবা বিয়ে ও সম্পর্ক নিয়ে সামাজিক ভাবনার জায়গাতেও বাংলাদেশের দর্শকেরা পরিচিত আবহ খুঁজে পান।

শুধু প্রেম নয়, গল্পের বৈচিত্র্যও টানে

কে-ড্রামার জনপ্রিয়তা কেবল রোমান্টিক গল্পে আটকে নেই। ক্রাইম, থ্রিলার, মেডিক্যাল, অ্যাকশন, ইতিহাস ও সামাজিক নানা বিষয় নিয়ে তৈরি সিরিজও দর্শকদের আকর্ষণ করছে।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অভিজ্ঞতায়, অ্যানিমে দেখার অভ্যাস থাকা অনেক তরুণও কে-ড্রামার দিকে ঝুঁকছেন। কারণ হিসেবে গল্পের সঙ্গে সহজে যুক্ত হতে পারা এবং চরিত্রগুলোর বৈচিত্র্যের কথা উঠে আসে। আবার কিছু সিরিজে প্রচলিত সামাজিক ধারণাকে প্রশ্ন তোলার বিষয়টিও তরুণ দর্শকদের কাছে আগ্রহের কারণ।

মিলেনিয়াল প্রজন্মের দর্শকরাও বাদ পড়ছেন না। দর্শকদের কাছে কোরিয়ান থ্রিলার, মেডিক্যাল ও ক্রাইম সিরিজের নির্মাণশৈলী বিশেষভাবে আকর্ষণীয়। এসব সিরিজে শুধু গল্প নয়, চরিত্র, পরিবেশ, পোশাক এবং দৈনন্দিন জীবনকেও গুরুত্ব দিয়ে দেখানো হয়। যার ফলে কে-ড্রামা’র সাথে নিজেকে রিলেট করতে পারেন।

বেশিরভাগ কে-ড্রামা’র কাহিনী বাস্তবের মতোই লাগে। অর্থাৎ দক্ষিণ কোরিয়া এশিয়ান দেশ হওয়ার কারণে কে-ড্রামায় দেখানো কোরিয়ান সংস্কৃতির সঙ্গে বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধের মিল খুঁজে পাওযা যায়।