tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককাতারে হামলায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কাতারে হামলায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ককে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, “অবশ্যই আমরা এ ঘটনায় সন্তুষ্ট নই, প্রেসিডেন্টও নন। তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরণ বদলাবে না। তবু আলোচনা করতে হবে—বিশেষ করে, এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে।”

তিনি আরও জানান, এ ঘটনা গাজায় চলমান যুদ্ধবিরতি উদ্যোগকে প্রভাবিত করতে পারে। ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার।