tanaka
প্রচ্ছদঅন্যান্যশেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা ফাঁসির দণ্ড পাওয়া দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। একইভাবে শেখ হাসিনার বিচার নিয়েও ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে দক্ষিণ এশিয়া নিয়ে আয়োজিত এক অন-ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন।

শেখ হাসিনার বিচার ও দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে ওয়াশিংটন কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। বিষয়টি বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিরোধের কারণ হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন কর্মকর্তা বলেন, শেখ হাসিনার বিষয়ে কী করা উচিত, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো অবস্থান নেয়নি। বরং ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছাবে বলে আশা করে ওয়াশিংটন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নিতে চায় না। ওয়াশিংটন বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করছে এবং বাংলাদেশকে আরও শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে আগ্রহী ওয়াশিংটন

শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-নয়াদিল্লির টানাপোড়েনের প্রসঙ্গ টেনে মার্কিন কর্মকর্তা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আরও ভালো সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটন উৎসাহ দিয়ে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াশিংটন বাংলাদেশকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করতে চায় না।

তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও টেলিযোগাযোগের মতো স্পর্শকাতর খাতে বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এসব ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিজস্ব ব্যবস্থাগুলো সুরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করতে এবং বিকল্প ব্যবস্থা দিতে চায় বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা বলছি না যে আপনাকে এটি বা সেটির মধ্যে একটি বেছে নিতে হবে। আমরা বরং এসব দেশের জন্য বিকল্প দিতে চাই, বিশেষ করে তাদের স্পর্শকাতর খাতগুলোতে।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিবাচক গতিপথে

এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক গতিপথে রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বাণিজ্যিক সহযোগিতা, বিমান খাত এবং বেসামরিক পরমাণু সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি মরিসন স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে আয়োজিত ওই ব্রিফিংয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে এসব কথা বলেন।

মরিসন বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রেও আমরা একটি ভালো অবস্থানে রয়েছি।’

তিনি জানান, চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। এটিকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্যিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে মরিসন বোয়িং-সংক্রান্ত একটি বড় বাণিজ্যিক চুক্তির কথাও উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার সকালে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বলেও জানান তিনি।

বেসামরিক পরমাণু সহযোগিতায় নতুন উদ্যোগ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলেও জানান মরিসন।

তিনি বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে এই এমওইউ স্বাক্ষরের কথা রয়েছে। বেসামরিক পরমাণু সহযোগিতার এই উদ্যোগ দুই দেশের সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উন্মোচন করতে পারে।

এর মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন কাঠামো তৈরির সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

মরিসন বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ ও বিভিন্ন চুক্তিকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিস্তৃত অগ্রগতির অংশ হিসেবে তুলে ধরেন।

দক্ষিণ এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক নীতির প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এ অঞ্চলকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নেন।