চব্বিশের গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের প্রায় দেড় দশকের শাসনামলে গুম, আটক, নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে বর্তমানে ২২টি মামলার বিচার চলছে। এসব মামলায় মোট আসামি ২৭৫ জন। তাঁদের মধ্যে ২০৪ জন পলাতক এবং ৭১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্র জানিয়েছে, বিচারাধীন ২২টি মামলার মধ্যে একটি মামলার রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ওই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজন আসামি রয়েছেন। গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চার আসামিই পলাতক।



