নেপালে সেনাবাহিনীর উদ্যোগে নতুন সরকার গঠনের আলোচনা এগিয়ে চলছে। এই প্রক্রিয়ায় দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার ও বৃহস্পতিবার নেপালি সেনার প্রধান কার্যালয় জাঙ্গি আড্ডায় টানা বৈঠকে এ বিষয়ে অগ্রগতি হয়। ইতোমধ্যেই কার্কি নেপাল ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন।
একটি ভারতীয় টেলিভিশনে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, “আমি ভারতকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসি। মোদিজির কাজের ধরন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভারত নেপালকে অনেক সহায়তা করেছে। নেপালের বর্তমান অবস্থা কঠিন হলেও আমরা উন্নয়নের জন্য কাজ করব এবং দেশের জন্য নতুন সূচনা করব।”
তিনি আরও জানান, নতুন দায়িত্ব গ্রহণে তিনি প্রস্তুত। তার ভাষায়, নেপালে সাম্প্রতিক অস্থির আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেন-জি গ্রুপ তাকে কিছু সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে।



