ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন ও প্রার্থনা করেছেন প্রায় ২৫০ ইসরাইলি বসতিস্থাপনকারী। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা মসজিদ চত্বরে প্রবেশ করেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, আল-আকসা প্রাঙ্গণে ঢোকার পর বসতিস্থাপনকারীরা সেখানে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন এবং প্রার্থনা করেন। পুরো সময় তাদের নিরাপত্তা দিতে ইসরাইলি সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
আল-আকসা মসজিদ পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা ব্যবস্থা কার্যকর রয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ওই ব্যবস্থায় অমুসলিমদের মসজিদ প্রাঙ্গণে দর্শনার্থী হিসেবে প্রবেশের সুযোগ থাকলেও সেখানে প্রার্থনা কিংবা কোনো ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।
তবে এই বিধিনিষেধের মধ্যেও আল-আকসা চত্বরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের ধর্মীয় কর্মকাণ্ডের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিশেষ করে ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি আরও আলোচনায় এসেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি নিজেও অনুসারীদের সঙ্গে নিয়ে একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আল-আকসা মসজিদ বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। ফলে সেখানে স্থিতাবস্থা লঙ্ঘনের যেকোনো ঘটনাই ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।



