tanaka
প্রচ্ছদরাজনীতিস্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারে আসার পর দলীয় কার্যক্রমে যেন শৈথিল্য না আসে, সে জন্য সাংগঠনিক তৎপরতা আরও জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসছে দলটি।

বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ অংশ নেবেন।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের অবস্থান ও করণীয়, ব্রিকস সম্মেলন এবং দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।

এদিকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নেবেন।

২০২৬ সালের ব্রিকসের চেয়ারম্যান ভারত। আগের চেয়ারম্যান ছিল বাংলাদেশ। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তিনি এতে অংশ নিচ্ছেন না।