তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বরের ক্ষেত্রেও একটি যৌক্তিক ভারসাম্য থাকা প্রয়োজন। তাদের দাবি, ভাইভায় নম্বরের প্রভাব অতিরিক্ত বাড়ানো হলে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে।
তারা নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান এবং মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ববির আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন আলী। তিনি বলেন, দেশের সব নাগরিকের সরকারি চাকরিতে সমান সুযোগ থাকা উচিত। তারা কোনো সরকার বা মৌখিক পরীক্ষার বিরোধিতা করছেন না; বরং সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে আপত্তি জানাচ্ছেন।
ইমন আলী আরও বলেন, চাকরিপ্রার্থীরা বছরের পর বছর পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পর নিয়োগ পরীক্ষায় অংশ নেন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে মৌখিক পরীক্ষার গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত তাদের জন্য হতাশাজনক।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজ বলেন, সরকারকে দ্রুত এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশের নম্বর বণ্টন পুনর্বিবেচনার দাবি জানান।



