tanaka
প্রচ্ছদজাতীয়বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় ভারি বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে। তবে এ সময়ে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় রয়েছে।