tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিসূচকের সঙ্গে লেনদেনে গতি, শীর্ষে রবি আজিয়াটা

সূচকের সঙ্গে লেনদেনে গতি, শীর্ষে রবি আজিয়াটা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সঙ্গে লেনদেনেও গতি দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫,৬৭৪ পয়েন্টে পৌঁছেছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১,২৩৮ পয়েন্ট এবং বাছাই করা ৩০টি ভালো মানের কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,২০১ পয়েন্টে।

প্রথম ঘণ্টার লেনদেন বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ২৪০টির দর বেড়েছে, ৯৬টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

বেলা ১১টা পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৭ কোটি ১২ লাখ টাকা, যেখানে আগের কার্যদিবসের একই সময়ে লেনদেন ছিল ৪৫০ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ, লেনদেন বেড়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা।

আজকের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির মোট ৩০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রথম ঘণ্টায়। উল্লেখযোগ্যভাবে, আগের দিনও একই সময়ে ২৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন করে শীর্ষে ছিল রবি আজিয়াটা।