যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ার এলাকায় দুই হাতে দুটি ছুরি নিয়ে এক নারী এলোপাতাড়ি হামলা চালিয়েছেন। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে দুই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। পরে পুলিশের গুলিতে হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
অনলাইন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পেটে গুরুতর আঘাত পাওয়া ৩২ বছর বয়সী এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের অবস্থাও আশঙ্কাজনক।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় হাজারো পথচারী ও পর্যটকের উপস্থিতির মধ্যেই কোনো ধরনের উসকানি ছাড়াই ওই নারী হঠাৎ ছুরিকাঘাত শুরু করেন। হামলাকারীর পরিচয় পামেলা সিসনেরোস। ৪৯ বছর বয়সী এই নারীর আগে মানসিক চিকিৎসা নেওয়ার ইতিহাস রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, হামলাকারীকে থামাতে প্রথমে টেসার ব্যবহার করা হয়। তবে এতে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় পরে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কমিশনার জেসিকা টিশ বলেন, পুলিশ সদস্যরা প্রশিক্ষণ ও নির্ধারিত প্রটোকল অনুযায়ী আত্মরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র ব্যবহার করেছেন।
এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরায় ধারণ করা ফুটেজও দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।



