tanaka
প্রচ্ছদজাতীয়প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা: উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা: উপদেষ্টা

সাপ্তাহিক ছুটি দুদিন বহাল রেখেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পঞ্জিতে অন্যান্য ছুটি কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “প্রাথমিক শিক্ষায় সাক্ষরতা নিশ্চিত করতে হলে স্কুলে পর্যাপ্ত শিক্ষাদান সময় নিশ্চিত করা জরুরি। বর্তমানে বছরে ৩৬৫ দিনের মধ্যে মাত্র ১৮০ দিন স্কুল খোলা থাকে, যা শিক্ষার জন্য যথেষ্ট নয়। অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়েছে, যেগুলো কমিয়ে আনা জরুরি।”

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই ছুটি হ্রাসের বিষয়টি বাস্তবায়ন করা হবে। তবে সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে একদিনে নামিয়ে আনার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। কারণ সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এটি একটি সামগ্রিক সিদ্ধান্ত হবে।

“শিক্ষকদের পক্ষ থেকেও কিছু দাবি আছে, যেমন তারা ভ্যাকেশন ডিপার্টমেন্টে থাকলেও নন-ভ্যাকেশন সিস্টেমে গেলে আর্থিক দিকও বিবেচনায় আনতে হবে,” বলেন উপদেষ্টা।

কোন কোন ছুটি কমানো হবে—এ ব্যাপারে সিদ্ধান্ত হলে পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।