সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ায় গত আগস্টের শেষ দিক থেকে সারাদেশে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। চলতি সেপ্টেম্বরের শুরুতেও একই প্রবণতা বজায় রয়েছে। এর ফলে তাপমাত্রা বেড়ে গেছে এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তিও তীব্র হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। ঢাকায়ও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অধিকাংশ জেলায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাত কমে যাওয়াই এই বাড়তি গরমের অন্যতম প্রধান কারণ। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, যেখানে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে ৩০টিতেই কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
রোববার দুপুরে জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “সাধারণত সেপ্টেম্বর মাসে কিছুটা বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু এবছর তা তুলনামূলকভাবে অনেক কম। ফলে দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস হলেও গরম অনেক বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণাংশ থেকে আসা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে এবং অস্বস্তিও বাড়ছে।”
তবে আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে।



