জাতীয় সংসদে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ জন এমপিকে ‘কান্নাকাটি’ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে যান জামায়াতে ইসলামীর আমির। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অ্যাটাক শুরু করেছে। বিরোধী দলের সব এমপি দাঁড়িয়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবে না।’
সরকারি দলের এমপিদের ভূমিকার প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি এখন ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হচ্ছে।
তিনি আরও লেখেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করতে হচ্ছে! সংসদে আরও যারা বিএনপির এমপি আছেন, তারাও যদি সালাউদ্দিন আহমদের মতো বলা শুরু করেন, তবে বিরোধী দলের এমপিরা বলা শুরু করবেন—“ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমরা আর খেলব না!”’
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের এমপিদের সঙ্গে বেশি যুক্তিতর্কে না গিয়ে তাদের কথা বলার সুযোগ দেওয়া উচিত। তার ভাষায়, ‘অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে।’
তিনি আরও দাবি করেন, বিরোধী দলের এমপিরা এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হালকা যুক্তি-তর্ক করার মতো যোগ্যতা অর্জন করেননি।



