tanaka
প্রচ্ছদজাতীয়সংসদ নির্বাচনে বিলবোর্ড ও পোস্টার ব্যবহারে নতুন বিধিনিষেধ

সংসদ নির্বাচনে বিলবোর্ড ও পোস্টার ব্যবহারে নতুন বিধিনিষেধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং বিলবোর্ড ব্যবহারে কঠোর সীমা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণ বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থী একটি সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।

ইসি জানিয়েছে, বিলবোর্ড তৈরিতে উচ্চ ব্যয় হওয়ায় এটি নির্বাচনী খরচ সীমা অতিক্রম করতে পারে। এছাড়া অতিরিক্ত বিলবোর্ডের কারণে পরিবেশের ক্ষতি ও প্রার্থীদের মধ্যে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় নিয়েই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “এটি আচরণ বিধিমালায় অন্তর্ভুক্ত একটি বিষয়।”
কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, অতীতে প্রার্থীদের প্রচারে বিলবোর্ড ব্যবহার ছিল না; এবার প্রথমবারের মতো তা অন্তর্ভুক্ত হয়েছে। পোস্টার নিষিদ্ধে সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল, যা ইসি সমর্থন করেছে। পাশাপাশি ব্যানার ও ফেস্টুনের সংজ্ঞাও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সরকারি সুবিধাভোগী ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের’ তালিকায় এবার উপদেষ্টা পরিষদের সদস্যদেরও যুক্ত করা হয়েছে। ফলে তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তাদের সার্কিট হাউস, ডাক বাংলো ও রেস্ট হাউস ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ডিজিটাল বিলবোর্ডে আলোর ব্যবহার অনুমোদিত হলেও অন্যান্য ক্ষেত্রে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।