tanaka
প্রচ্ছদরাজনীতিরুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

রুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

  1. বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অন্ধ হাফেজদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল।

    শুক্রবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মো. তাজুল ইসলাম।

    অনুষ্ঠানে মাহমুদুর রহমান সুমন বলেন, আন্দোলন-সংগ্রামে দলের প্রতি রুহুল কবির রিজভীর দায়িত্বশীল ভূমিকা তাকে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছে। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এমন আয়োজন করায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

    ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, রিজভীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। একই সঙ্গে দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

    সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল রুহুল কবির রিজভীর রাজনৈতিক ভূমিকা ও দীর্ঘদিনের ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রিজভীর সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের মধ্যে তাকে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। তার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিল থেকে রিজভীসহ দলের শীর্ষ নেতাদের দীর্ঘায়ু কামনা করা হয়।

    দোয়া মাহফিলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্ধ হাফেজদের অংশগ্রহণে রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।