tanaka
প্রচ্ছদখেলাবাংলাদেশের ফুটবলারকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা

বাংলাদেশের ফুটবলারকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা

মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশের দুই ফরোয়ার্ড আল আমিন ও মিরাজুল ইসলামকে বড় ধরনের শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। আল আমিনকে ১৫ ম্যাচ এবং মিরাজুল ইসলামকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত ৭ জুন ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব গণমাধ্যমকে জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাংলাদেশের সিনিয়র দলের প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক ‘টায়ার-১’ প্রীতি ম্যাচেও কার্যকর হবে।

আল আমিন ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেছেন। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে দুইবার রেফারিকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

শুধু মাঠের ঘটনাতেই শেষ হয়নি আল আমিনের শাস্তি। বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে যাওয়ার পর তার আচরণকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে তাকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

একই ম্যাচে শাস্তির মুখে পড়েছেন মিরাজুল ইসলামও। বাংলাদেশের হয়ে গোল করা এই ফরোয়ার্ডকে বেঞ্চ থেকে ম্যাচ কর্মকর্তাকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে লাল কার্ড দেখানো হয়েছিল। সেই ঘটনার জেরেই তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ম্যাচ রেফারিকে নিরাপত্তাকর্মীদের পাহারায় মাঠ ছাড়তে হয়।

ঘটনার পর ফিফা এরই মধ্যে মিরাজুল ইসলাম ও বাংলাদেশ দলের ম্যানেজার শাহীন হাসানকে জরিমানা করেছিল। ফিফার প্রাথমিক যোগাযোগ পাওয়ার পর বাফুফেও ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছিল।