tanaka
প্রচ্ছদসারাদেশবাসের নিচে চাপা পড়া শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

বাসের নিচে চাপা পড়া শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

রিদপুরের বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়া হাফিজুর রহমান (২৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বাস দুর্ঘটনা এলাকায় এ মরদেহ ভেসে ওঠে।

নিহত শিক্ষার্থী হাফিজুর রহমান কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের (শেষ বর্ষ) শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার দিন তিনি ফাইনাল পরীক্ষা দিতে কাশিয়ানী থেকে ফরিদপুর যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বিদ্যুতের সাবস্টেশনের সামনে যাত্রীবাহী বাস ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে কমপক্ষে ১২ জন আহত হন।

ঘটনার দুইদিন পর বুধবার সকালে দুর্ঘটনাকবলিত স্থানে পাট জাগ দিতে আসা এক কৃষক পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা এসে মরদেহটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করেন।

নিহতের চাচা মোশারেফ মোল্যা বলেন, আমার ভাতিজা সোমবার সকালে বাড়ি থেকে পরীক্ষা দিতে বের হয়েছিল। এরপর আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় থানায় একটি জিডিও করা হয়েছিল। আজ খবর পাই, বাস দুর্ঘটনার ওই খাদে একটি মরদেহ ভেসে উঠেছে। এসে দেখি মরদেহটি আমার ভাতিজার।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, হাফিজুর রহমান বাসের নিচে পানিতে চাপা পড়ে ছিলেন। বুধবার তার মরদেহটি ভেসে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। বিষয়টি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।