দীর্ঘ ১৭ বছর ধরে স্নায়ুতন্ত্রের জটিল রোগ ‘মাল্টিপল স্ক্লেরোসিস’ (এমএস)-এর সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন মিশরের অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার (১৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিশরের অভিনেতা সিন্ডিকেটের প্রধান আশরাফ জাকি।
১৯৮০-এর দশকে শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রাখেন আমর মোহাম্মদ আলী। জনপ্রিয় টেলিভিশন নাটক ‘আরাবেস্ক’-এ ‘শাকশাক’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তবে ২০০৬ সালে প্রচারিত ‘হাদায়েক আল শায়তান’ ধারাবাহিকের পর আর পর্দায় দেখা যায়নি তাকে।
চিকিৎসকদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত স্নায়ুর প্রতিরক্ষামূলক আবরণে আক্রমণ করলে মাল্টিপল স্ক্লেরোসিস দেখা দিতে পারে। এর ফলে দৃষ্টিশক্তি, ভারসাম্য ও স্বাভাবিক চলাফেরায় গুরুতর সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘদিন এই রোগে ভোগার কারণে ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে দূরে সরে যান আমর।
তার ভাই আহমেদ জানান, মৃত্যুর আগে কয়েক দিনে অভিনেতার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমনকি একা দাঁড়ানো তো দূরের কথা, কথা বলা ও খাওয়াদাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তার।
দীর্ঘদিন আড়ালে থাকার পর সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার ইচ্ছা ছিল আমর মোহাম্মদ আলীর। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের অসুস্থতার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতা।



