tanaka
প্রচ্ছদসারাদেশনোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং সঙ্গে থাকা পাঁচজন মাথা, হাত ও পিঠে গুলিবিদ্ধ হন।

নজরুল ইসলাম শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। তার অভিযোগ, হামলার আগে পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেন এবং পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।

স্থানীয় সূত্রের দাবি, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। মূলত হারুন ও তার সহযোগীরা তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন মনে করে ওই ব্যক্তিদের ওপর গুলি চালিয়েছে বলে স্থানীয়রা জানান।

অভিযোগের বিষয়ে জানতে হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।