বাংলাদেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার উদ্যোগ নেওয়া হয়েছে।চিবালয়
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিবর্তনের প্রক্রিয়ায় ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে ধরা হবে। এ সময়কাল হবে নয় মাস—জুলাই থেকে মার্চ পর্যন্ত। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর গণনা করা হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে জুলাই-আগস্টে অর্থবছর শুরু হওয়ায় বর্ষাকালে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকে। বৃষ্টির কারণে এসব প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের মান ব্যাহত হয় এবং জনদুর্ভোগও বাড়ে।
নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হলে বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এ বিবেচনায় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থবছরের সময় পরিবর্তনের পরবর্তী করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।
এ পরিবর্তন কার্যকর করতে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। একই সঙ্গে অর্থবছরের সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায়ও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।



