বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত ফ্যাসিস্টরা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় তিনি বলেন, “চারপাশে অনেক গুজব ছড়াচ্ছে। গুজবকে গুরুত্ব দেবো না, কারণ এটি শুধু বিভ্রান্তি তৈরি করছে। আওয়ামী লীগ ভারতের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের গুজব ছড়াচ্ছে।”
ফখরুল আরও বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ঐক্য আছে এবং সেই ঐক্য নিয়ে আমরা জয় করব, ইনশাআল্লাহ।”
রাজধানীর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে উত্তরা ও মানিক নগরে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালিত হয়।
‘কোথাও গোলযোগ হবে না’
ফখরুল সতর্ক করে বলেন, “ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল—সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে। বিএনপির ভাবমূর্তি রক্ষা করতে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “পাড়ায় বা মহল্লায় কোনো সমস্যার ক্ষেত্রে স্থানীয় নেতাদের মাধ্যমে সমাধান হবে। পুলিশ দূরে থাকবে এবং শুধুমাত্র প্রয়োজনে সাহায্য করবে। যারা অপকর্ম করছেন, তারা এখন আর করতে পারবে না। সবাইকে আহ্বান জানাই—ভালো কাজ করুন, জনগণের সঙ্গে থাকুন, সবাই আপনাদের ভালোবাসবে।”
উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ অন্যান্য মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১২টায় রাজধানীর পুরনো ঢাকায় দক্ষিন বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরবর্তীতে তিনি নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, জাসাস জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর দক্ষিনের নেতারা উপস্থিত ছিলেন।



