খামার থেকে একের পর এক হাঁস নিখোঁজ হচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলেও কে বা কীভাবে হাঁসগুলো নিয়ে যাচ্ছে, তার কোনো হদিস পাচ্ছিলেন না খামারি। অবশেষে ধরা পড়ল সেই ‘চোর’। তবে তাকে দেখে চোরের বদলে আতঙ্কিত হয়ে পড়েন খামারি। কারণ, হাঁস চুরি করছিল কয়েক মিটার লম্বা এক বিশাল অজগর!
সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝোউ শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি বেসরকারি উদ্ধারকারী দল পরে অজগরটিকে উদ্ধার করে লোকালয় থেকে দূরে পাহাড়ি এলাকায় ছেড়ে দেয়।
স্থানীয় এক খামারি অজগরটিকে হাঁস খেতে দেখে ভয় পেয়ে বাসিন্দা চেনকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে চেন দেখতে পান, অজগরটি এরই মধ্যে কয়েকটি হাঁস গিলে ফেলেছে। তার পেটও অস্বাভাবিকভাবে ফুলে ছিল। চেনের ধারণা, সাপটির ওজন ৫০ কেজির বেশি হতে পারে।
এত বড় অজগর দেখে তিনি স্থানীয় লিমিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। উদ্ধারকারী দলের সদস্য ইয়ে এক বছরের বেশি সময় ধরে এ ধরনের উদ্ধারকাজের সঙ্গে যুক্ত। তিনি জানান, এত বড় অজগর তিনি এর আগে কখনো দেখেননি।
উদ্ধারকারীদেরও আক্রমণের চেষ্টা
অজগরটি উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন উদ্ধারকেন্দ্রের প্রধান শু। তিনি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, কয়েক মিটার লম্বা অজগরটির দাঁত বেশ ধারালো। উদ্ধারকারীরা সাপটিকে বস্তার মধ্যে রাখার পরও সেটি তাদের আক্রমণের চেষ্টা করছিল।
উদ্ধারকারী দলের সদস্য ইয়ে বলেন, এত বড় অজগর চাইলে একটি বড় আকারের ভেড়াও গিলে ফেলতে পারে।
পেট থেকে বের হলো তিন হাঁস
উদ্ধারের সময় অজগরটি কয়েকটি হাঁস উগরে দেয়। উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, সাপটির মুখ থেকে তিনটি হাঁস বেরিয়ে আসে। হাঁসগুলোর দেহ তখন পচতে শুরু করেছিল।
এরপর কিছুক্ষণের জন্য অজগরটি পালিয়ে যায়। উদ্ধারকারীরা সেটির পিছু নিয়ে কাছের একটি বাঁশবাগানে পৌঁছান। সেখানে অজগরটির সন্ধান পাওয়ার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
পরে অজগরটিকে লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় উদ্ধারকারী দল। শেষ পর্যন্ত সাপটিকে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ছেড়ে দেওয়া হয়।
সূত্র: গ্লোবাল নিউজ



