tanaka
প্রচ্ছদসারাদেশজুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বিএনপির নেতাকর্মীরা তাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন জুলাইযোদ্ধা সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে জাকির হোসেন মিন্টু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার পর আহত জুলাইযোদ্ধা, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী-সমর্থকরা বিক্ষোভ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জাকির হোসেন মিন্টু ও ইমরান আল নাজিরসহ কয়েকজনকে ধাক্কাধাক্কি করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে মাহবুব মোর্শেদ টিপুকে জাকির হোসেন আদর নামে এক জুলাইযোদ্ধাকে চড়-থাপ্পড় দিতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

জুলাইযোদ্ধা জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, “অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করে বিএনপির লোকজন হাঙ্গামা শুরু করে। আমি একজন গেজেটেড জুলাইযোদ্ধা। জুলাই আন্দোলনে আহত হওয়ার পর তদন্তের মাধ্যমে সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হলে বিএনপি নেতা টিপুসহ কয়েকজন আমাকে ও অন্যদের মারধর করে বের করে দেন।”

তিনি আরও বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছি। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সে বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, তা দেখতে চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমাকে ও জাকিরকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে বের করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে। আমরা এর বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, “জুলাই অভ্যুত্থানে বিএনপির বড় অবদান রয়েছে। কিন্তু ইমরান আল নাজিরসহ এনসিপির কিছু নেতাকর্মী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক লেখালেখি করেন।”

তিনি দাবি করেন, “অনুষ্ঠানে এসেও তারা এ ধরনের বক্তব্য দেওয়ায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে স্থান ত্যাগ করেন।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি। তবে যে অভিযোগটি এসেছে, তা জেনে পরে জানাতে পারব। কারণ ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে হয়ে থাকতে পারে। অনুষ্ঠান শুরু হওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি।”