জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন দেশের বিভিন্ন এলাকার অনেক গ্রাহক। তাদের দাবি, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহার কম হলেও অনেক ক্ষেত্রে বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও তুলেছেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। বিভাগটির দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন মাধ্যমে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তবে প্রকৃত কোনো গ্রাহক অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও আলোচনা তাদের নজরে এসেছে। এসব অভিযোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহক বিদ্যুৎ বিলে অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ করলে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে লিখিত আবেদন করতে হবে। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।



