tanaka
প্রচ্ছদজাতীয়পাটের ব্যাগে কর্মসংস্থান বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

পাটের ব্যাগে কর্মসংস্থান বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

পাটের ব্যাগ তৈরির মাধ্যমে পলিথিনের তুলনায় অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, যেসব শ্রমিক এতদিন প্লাস্টিকের ব্যাগ তৈরি করতেন, তারা এখন পাটের ব্যাগ উৎপাদনে যুক্ত হবেন, ফলে কর্মসংস্থানের সুযোগ হ্রাস নয়, বরং বৃদ্ধি পাবে।

৩১ আগস্ট, রোববার রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, প্লাস্টিকের ব্যাগ তৈরিতে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারের কারণে কর্মসংস্থান সীমিত, তবে পাটের ব্যাগ তৈরিতে ম্যানুয়াল শ্রম বেশি লাগে, ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই লক্ষ্য বাস্তবায়নে পাট মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পাটের সুতা ও কাপড় তৈরি এবং তা দিয়ে ব্যাগ উৎপাদনে যারা আগ্রহী, তাদের প্রণোদনা দেওয়া উচিত। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে হাজার হাজার পাটভিত্তিক কারখানা গড়ে তোলার আহ্বান জানান তিনি, যা পরিবেশ রক্ষা ও অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ প্রতিবছর বহু ডলারের প্লাস্টিক পণ্য আমদানি করলেও পাটপণ্যের রপ্তানি আয় এক বিলিয়ন ডলারেরও কম। কাঁচা পাট রপ্তানির তুলনায় প্রক্রিয়াজাত পণ্যে গুরুত্ব কম থাকায় বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়েছি। তবে পরিবেশ ও পাট মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে সেই ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি আর পলিথিন ব্যবহার করব না। সরকার পাটের ব্যাগ সহজলভ্য করতে সময় দেবে, কিন্তু এরপর আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।