রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাংবিধানিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর আগামী ৯০ দিনের মধ্যে অথবা এর আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে ইসি।
শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী দিনগুলোতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক করবে কমিশন। খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সম্পর্কে দেশবাসীকে জানানো হবে।
তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করার পরপরই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনার পদ্ধতি অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিদ্যমান সাংবিধানিক বিধান অনুযায়ী, জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। এ জন্য দ্রুত ভোটার তালিকা প্রস্তুত করে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ইসি।
এর আগে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ওই দিন বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।



