মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বিশিষ্ট আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের দাওয়াতি সফরে বাংলাদেশে আসছেন। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাবিষয়ক কর্মসূচিতে অংশ নিতেই তার এ সফর।
আগামী ১২ জুলাই (রোববার) ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।
সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। এতে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কি-নোট স্পিকার) হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা সাজ্জাদ নোমানী।
এছাড়া, তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে। আয়োজকদের আশা, আন্তর্জাতিক এ কনফারেন্স ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামী চিন্তাচর্চায় আগ্রহীদের জন্য এটি একটি কার্যকর জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে চট্টগ্রাম সফরেও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আল্লামা সাজ্জাদ নোমানীর। এ সময় দেশের অন্যতম বৃহৎ দুটি ঐতিহ্যবাহী মাদ্রাসা—হাটহাজারী ও পটিয়ায় সফর করার কথা রয়েছে তার।



