২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় মর্যাদাপূর্ণ এই পুরস্কার। আর গ্রুপ পর্বের শুরুতেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিন গোল করে গোল্ডেন বুটের তালিকার শীর্ষে অবস্থান নিয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি।
মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কানাডার জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনিও তিন গোল নিয়ে তালিকার ওপরের সারিতে অবস্থান করছেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ৭৯তম ম্যাচে ৪২তম গোল।
দুই গোল করে যৌথভাবে পরবর্তী অবস্থানে রয়েছেন একাধিক তারকা ফুটবলার। এই তালিকায় আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা, ইংল্যান্ডের হ্যারি কেইন, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হলান্ড, জার্মানির কাই হাভার্টজ, সুইডেনের ইয়াসিন আইয়ারি, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, কানাডার সাইল লারিন, যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন এবং মরক্কোর ইসমাইল সাইবারি।
সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। এই দুই গোলের সুবাদে তিনি ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।
অন্যদিকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
ব্রাজিলের হয়ে হাইতির বিপক্ষে দুই গোল করেছেন ম্যাথিউস কুনহা। একই ম্যাচে গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। ফলে গোল্ডেন বুটের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন সেলেসাওদের এই দুই তারকা।
টুর্নামেন্টের এখনও অনেক পথ বাকি। তবে শুরুতেই মেসি, এমবাপে, কেইন, হলান্ড ও ভিনিসিয়ুসদের গোল উৎসব ইঙ্গিত দিচ্ছে, এবারের গোল্ডেন বুটের লড়াই হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক আসর।
সূত্র: গোল



