ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রভাব বজায় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডমিরাল সাইয়ারি বলেন, সামরিক নীতির অংশ হিসেবে তেহরান পরমাণু অস্ত্রের পথে এগোবে না। তিনি বলেন, ইরান বরাবরই এ ধরনের অস্ত্র তৈরির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেই নীতিতেই অটল রয়েছে।
তবে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতার বিষয়ে তিনি দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, হরমুজ প্রণালি অঞ্চলে ইরানের উপস্থিতি ও প্রভাব অত্যন্ত শক্তিশালী। যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সাইয়ারি বলেন, ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা উস্কানির দ্রুত ও উপযুক্ত জবাব দিতে সেনারা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। ফলে এ অঞ্চলকে ঘিরে ইরানের সামরিক অবস্থান ও সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।



