যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া প্রস্তুত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, চুক্তিটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং পরবর্তী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
তিনি এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। আশাবাদ ব্যক্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী সমঝোতা প্রতিষ্ঠার সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
শাহবাজ শরিফের মতে, পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় অগ্রগতি অর্জিত হতে পারে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় এই চুক্তি বাস্তবায়িত হলে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: আল-জাজিরা।



