খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে হাসপাতালটির নিচতলায় আগুন লাগে বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



