tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ভবন

ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ভবন

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে অবস্থিত একটি ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে জাদুঘরটির ছাদে আগুন লাগে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে ক্রিমিয়া ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার আশঙ্কা বাড়তে থাকায় কর্তৃপক্ষ রাতের ট্রেন চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। খবর আল-জাজিরার।

সেভাস্তোপোলের রুশ-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বুধবার ভোরে টেলিগ্রামে জানান, ড্রোনের আঘাতে ‘ডিফেন্স অব সেভাস্তোপোল ১৮৫৪-১৮৫৫’ প্যানোরামা জাদুঘরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, জাদুঘরটি শুধু একটি সাংস্কৃতিক স্থাপনা নয়, বরং সেভাস্তোপোলের ইতিহাস, প্রতিরোধ এবং স্থিতিস্থাপকতার প্রতীক, যা অতীতেও বহুবার হামলার শিকার হয়েছে।

ঐতিহাসিক এই জাদুঘরটি ১৮৫৩ থেকে ১৮৫৬ সালের ক্রিমিয়ান যুদ্ধের স্মৃতি বহন করে। সেখানে রাশিয়ার প্রতিরক্ষা ও যুদ্ধকালীন ঘটনাবলি তুলে ধরা হয়েছে।

রাজভোজায়েভ দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেভাস্তোপোল অবরুদ্ধ থাকাকালে একই ভবন জার্মান বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।

অন্যদিকে, চলতি সপ্তাহে ক্রিমিয়ায় আরেকটি ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ জানান, মস্কো থেকে সিমফেরোপোলগামী একটি যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে ড্রোন আঘাত হানলে একজন সহকারী চালক নিহত হন এবং প্রধান চালক আহত হন।

তবে ট্রেনে থাকা যাত্রীদের কেউ আহত হননি বলে তিনি জানান। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কয়েকটি যাত্রীবাহী ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।