tanaka
প্রচ্ছদরাজনীতিবিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার উদ্যোগ, দেশের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা, জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।